ব্রিটিশ পার্লামেন্টে বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ২৭ মার্চ, ২০২৬
পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা রুবাইয়াত জাহানের বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমেন্সে। এ অনুষ্ঠানে সংগীতজগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেছেন বৃটিশ পার্লামেন্টের মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, তার ছেলে শাহ জামান খান, বাংলা গানের যুবরাজ ও বিসিবি পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউজ অব কমন্সের সদস্যরা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এ অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন,
আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার সব সময়ই বাংলা গানের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে উপস্থিত আসিফ আকবর বলেন,
আজকের এই আয়োজনের মধ্যদিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।
প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের গান ‘প্রেম পিয়াসা’র কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার, সঙ্গীত পরিচালক রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। এছাড়া দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনার সুযোগ পাচ্ছেন সংগীতপ্রেমীরা।
পিআর/টিএ