© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসএসসিতে সাফল্য, ঢাবিতে পড়তে চান গোল্ডেন বুটজয়ী আঁখি

শেয়ার করুন:
এসএসসিতে সাফল্য, ঢাবিতে পড়তে চান গোল্ডেন বুটজয়ী আঁখি
sports-desk
০৫:৪৯ পিএম | ০১ জুন, ২০২০

জাতীয় দলের ফুটবলার আঁখি খাতুন এসএসসি পাস করেছেন। খেলার ফাঁকে পড়াশোনা করে জিপিএ ৩.৮৩ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি সন্তুষ্ট। তার এখন স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সুযোগ হলে সেনাবাহিনীতেও নাম লেখাতে চান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আঁখি খাতুন গোল্ডেন বুট পেয়েছিল। দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার আঁখি খাতুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৮৩ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, সারাবছর ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হয় আঁখিকে। বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় পেয়েছেন পড়াশুনার সুযোগ। জাতীয় দলের এ ডিফেন্ডার খুশি নিজের ফলাফলে।

আঁখি বলেন, খুব খুশি লাগছে। যখন পরীক্ষা দিয়েছি, তখন চিন্তায় ছিলাম। কারণ সারাবছর খেলার ব্যস্ততা ছিল। ভালো পড়াশোনা করার সেভাবে সুযোগ পাইনি।

তিনি বলেন, বিকেএসপিতে পরীক্ষা দিতে যখন যাই, দেখতাম আমার সহপাঠীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি তখনও প্র্যাকটিস করতে মাঠে যেতাম। পাশ করেছি, তাই আমার খুবই আনন্দ লাগছে।

২০১৪ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের হয়ে খেলে উঠে আসে আঁখি। ২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক আসে তার। এর আগে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম খেলে আঁখি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন