© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর ২’কে চরম কটাক্ষ ওয়েইসির

শেয়ার করুন:
‘ধুরন্ধর ২’কে চরম কটাক্ষ ওয়েইসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
জন্মলগ্ন থেকেই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গী বিতর্ক। প্রথমভাগের মতো সিক্যুয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯ মার্চ রিলিজের পর থেকেই ‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমায় প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমাকে। ‘বিতর্কের সলতে’তে অবশ্য আগুনটা ধ্রুব রাঠিই ধরিয়েছিলেন। বর্তমানে যে সেটাই দাবানলের আকার ধারণ করেছে, তা বললেও অত্যুক্তি হয় না! এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বিরুদ্ধে হিংসার উদযাপনের অভিযোগ তুলে চরম কটাক্ষ আসাদউদ্দিন ওয়েইসির।

“ওটা একটা সিনেমা হল? চার ঘণ্টার ‘বকওয়াস’। গালিগালাজ, হিংসাকে উসকে দেওয়া ছাড়া এই ছবিতে আর কীই বা আছে? আর তিন ঘণ্টা পর এই সিনেমাটাই আপনাকে ভাবাবে যে, মুসলমানদের গালিগালাজ দেওয়া উচিত কিনা!…” 



লোকসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি সাফ জানিয়েছেন, আর পাঁচজনের মতো ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাতামাতি করতে নারাজ তিনি। গত তিন মাস ধরে ভারতীয় সিনেবাজারে কাঁপন ধরিয়েছে রণবীর সিং অভিনীত সিনেমা। গোটা ডিসেম্বর, জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসের বক্স অফিসেও একচেটিয়া রাজত্ব ধরে রেখেছিল ‘ধুরন্ধর’। এবার বিশ্বজুড়ে বিজয়রথ ছুটিয়েছে সিক্যুয়েল। মাত্র একসপ্তাহেই হাজার কোটির গণ্ডি পেরিয়ে সর্বকালের সেরা আয় করা ভারতীয় সিনেমার খেতাব জিতেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বিতর্কের পালে হাওয়া তুলে নিত্যদিন কোটি কোটি টাকার ব্যবসা করলেও দর্শকমনে এই সিনেমা নিয়ে কৌতূহলের অন্ত নেই। সেই প্রেক্ষিতেই সাম্প্রতিক এক সভায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রসঙ্গে মুখ খোলেন ওয়েইসি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনওরকম রেয়াত না করেই এআইএমআইএম সভাপতির মন্তব্য, “ওটা একটা সিনেমা হল? চার ঘণ্টার ‘বকওয়াস’। গালিগালাজ, হিংসাকে উসকে দেওয়া ছাড়া এই ছবিতে আর কীই বা আছে? আর তিন ঘণ্টা পর এই সিনেমাটাই আপনাকে ভাবাবে যে, মুসলমানদের গালিগালাজ দেওয়া উচিত কিনা! এইসব দেখার সময় কার আছে? আমার অন্তত এতক্ষণ ধরে একটা সিনেমা দেখার সময় নেই। আমি শুধু এটাই আশা করতে পারি যে, লোকেরা অন্তত একঘণ্টা আমার বক্তৃতা শুনতে পারেন।” এখানেই অবশ্য থামেননি তিনি। সাংবাদিক যখন পালটা জানান, ‘ধুরন্ধর গোটা বিশ্বে প্রশংসিত হচ্ছে’, সেকথা শুনে ওয়েইসির চরম কটাক্ষ, হায়দরাবাদে আমাদের একটা প্রচলিত কথা রয়েছে যে, “প্রিয়, এই জিনিসটা মনে রেখো না, কবরে নিয়ে যেও। তাই আমরা এইসমস্ত সিনেমা নিয়ে মাথা ঘামাই না, বরং কবরেই রাখি।”

আরআই/টিএ

মন্তব্য করুন