‘টপ গান’ খ্যাত অভিনেতা জেমস টলকান আর নেই
ছবি: সংগৃহীত
০৪:১৮ পিএম | ২৮ মার্চ, ২০২৬
‘ব্যাক টু দ্য ফিউচার’ ট্রিলজিতে ‘স্ল্যাকারস’ শব্দটি ব্যবহার করে কড়া স্বভাবের চরিত্রে অভিনয় এবং ‘টপ গান’ সিনেমায় টম ক্রুজের কঠোর কমান্ডিং অফিসার হিসেবে পরিচিত হলিউড অভিনেতা জেমস টলকান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন বৃহস্পতিবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের সারানাক লেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টলকান ১৯৭৫ সালে উডি অ্যালেনের ‘লাভ অ্যান্ড ডেথ’ চলচ্চিত্রে নেপোলিয়ন ও তার সদৃশ চরিত্রে অভিনয় করেন। ১৯৯০ সালের ‘ডিক ট্রেসি’ ছবিতে তিনি ‘নাম্বার্স’ নামে এক দুর্নীতিগ্রস্ত হিসাবরক্ষকের ভূমিকায় ছিলেন যে বিগ বয় ক্যাপ্রিস অর্থাৎ আল পাচিনোর হয়ে কাজ করত। পরিচালক সিডনি লুমেটের তিনটি ছবিতেও তিনি অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে আল পাচিনো অভিনীত ‘সারপিকো’ ছবিতে পুলিশ কর্মকর্তা, ‘প্রিন্স অব দ্য সিটি’ ছবিতে দৃঢ়চেতা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং ‘ফ্যামিলি বিজনেস’ সিনেমায় বিচারকের চরিত্র।
ব্রডওয়েতে ডেভিড মামেটের ‘গ্লেনগ্যারি গ্লেন রস’ নাটকের ১৯৮৪ থেকে ১৯৮৫ সালের মূল প্রযোজনায় বিক্রয়কর্মী ডেভ মস চরিত্রে অভিনয় করেন টলকান। পরবর্তীতে ১৯৯২ সালের চলচ্চিত্র সংস্করণে এই একই চরিত্রে অভিনয় করেন এড হ্যারিস। তীব্র ও ভীতিপ্রদ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত টলকান ‘ব্যাক টু দ্য ফিউচার’ এবং এর ১৯৮৯ সালের সিক্যুয়েলে হিল ভ্যালি হাইস্কুলের প্রধান শিক্ষক মি. স্ট্রিকল্যান্ড চরিত্রে দৃঢ় উপস্থিতি দেখান। পরে ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট থ্রি’ সিনেমায় তিনি স্ট্রিকল্যান্ডের দাদার ভূমিকায় ফেরেন। তার এই আইকনিক চরিত্রের কারণে ভক্তরা প্রায়ই মজা করে তাকে ‘স্ল্যাকারস’ বলে ধমক দিতে বলতেন।

‘টপ গান’ ছবিতে টম ‘স্টিঙ্গার’ জার্ডিয়ান চরিত্রে তিনি আবারও প্রভাবশালী উপস্থিতি জানান যেখানে টম ক্রুজের চরিত্র পিট ‘ম্যাভেরিক’ মিচেলকে বেপরোয়া আচরণের জন্য কঠোরভাবে ভর্ৎসনা করতে দেখা যায়। তার দীর্ঘ চলচ্চিত্র তালিকায় আরও রয়েছে ‘দ্য ফ্রেন্ডস অব এডি কয়েল’, ‘দ্য অ্যামিটিভিল হরর’, ‘উলফেন’, ‘ওয়ারগেমস’, ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’, ‘ট্রু ব্লাড’ এবং ‘অপর্চুনিটি নকস’।
১৯৩১ সালের ২০ জুন মিশিগানের ক্যালুমেটে জন্মগ্রহণ করেন জেমস স্টুয়ার্ট টলকান। বাবা মায়ের বিচ্ছেদের পর তিনি শিকাগো হয়ে অ্যারিজোনার টুকসনে বসবাস শুরু করেন এবং ১৯৪৯ সালে অ্যাম্ফিথিয়েটার হাইস্কুল থেকে স্নাতক হন। যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে কিছু সময় দায়িত্ব পালনের পর তিনি কো কলেজ ও আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে মাত্র ৭৫ ডলার নিয়ে নিউইয়র্কে গিয়ে স্টেলা অ্যাডলার ও লি স্ট্রাসবার্গের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন দ্য অ্যাক্টরস স্টুডিওতে, যেখানে ১৯৫৬ সালে তার সহপাঠী ছিলেন ওয়ারেন বিটি।
১৯৬০ সালে এবিসির ‘নেকেড সিটি’ সিরিজের একটি পর্বে অভিনয়ের মাধ্যমে তার অনস্ক্রিন অভিষেক ঘটে। ১৯৬৬ সালে তিনি রবার্ট ডুভালের আন্ডারস্টাডি হিসেবে কাজ করার পর ব্রডওয়ের ‘ওয়েট আনটিল ডার্ক’ নাটকে খলচরিত্র হ্যারি রোটের ভূমিকায় তাকে প্রতিস্থাপন করেন। পরবর্তীতে তিনি এনবিসির ‘রেমিংটন স্টিল’ সিরিজে বিমা তদন্তকারী নরম্যান কিজ চরিত্রে পাঁচটি পর্বে অভিনয় করেন এবং এঅ্যান্ডই এর ‘এ নিরো উলফ মিস্ট্রি’ সিরিজে ২১টি পর্বে বিভিন্ন চরিত্রে হাজির হন যার মধ্যে কয়েকটি পর্ব তিনি নিজেই পরিচালনা করেন। এ ছাড়া ‘মায়ামি ভাইস’, ‘দ্য ফ্রেশ প্রিন্স অব বেল-এয়ার’, ‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’, ‘লেভারেজ’সহ আরও বহু টিভি শোতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিজীবনে স্ত্রী পারমিলি টলকান তাকে রেখে গেছেন। তিনি আমেরিকান প্লেস থিয়েটারে কস্টিউম ও দৃশ্যপট শিল্পী হিসেবে কাজ করতেন। ১৯৭১ সালে ‘পিঙ্কভিল’ নামের অফ ব্রডওয়ে নাটকের সেটে তাদের পরিচয় হয় যেখানে টলকান অভিনয় করছিলেন এবং পারমিলি ছিলেন প্রপস সহকারী। একই বছর লেক প্লাসিডে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিংবদন্তি এই অভিনেতার স্মরণে স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্র, প্রাণী উদ্ধার সংস্থা বা হিউম্যান সোসাইটির বিভিন্ন শাখায় অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার।
এমআই/টিএ