বয়স্ক চরিত্রে অভিনয় করতে ভয় পাই না: হুমা কুরেশি
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ২৮ মার্চ, ২০২৬
অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি কলকাতায় একটি পাঁচতারা হোটেলে সিআইআই-এর আলোচনাসভায় উপস্থিত হয়ে নিজের অভিনয় যাত্রা ও চরিত্র বাছাই নিয়ে অকপটভাবে আলোচনা করেছেন। তিনি জানান, কোনো চরিত্র সচেতনভাবে বেছে নেননি। বরং নিজের ভয়েস ও আত্মবিশ্বাস অনুযায়ী চরিত্রগুলো নির্বাচন করেছেন। হুমা বলেন, “মহিলা হলে নিজেকে প্রমাণ করতে হয় চমৎকার হতে হবে, সুন্দরী বা বুদ্ধিমতি হতে হবে। আমি সবটাই হতে চাইনি, নিজের মতো চরিত্র বেছে নিয়েছি।"
তিনি তাঁর জনপ্রিয় সিরিজ ‘মহারানি’ এবং ‘দিল্লি ক্রাইম’-এর চরিত্রের অভিজ্ঞতা ভাগ করে নেন। হুমা উল্লেখ করেন, “ভাষা যাই হোক দর্শকরা কানেক্ট করতে পারছে কি না, সেটা গুরুত্বপূর্ণ। চরিত্র তৈরি করা চ্যালেঞ্জিং হলেও নিজের বিশ্বাসে স্থির থাকা জরুরি।" হুমা তাঁর অভিনয় জীবনের শুরুতে ‘গ্যাংস অফ ওয়াসিপি’-র মতো চরিত্রে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন।

বয়স্ক চরিত্রে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, “একদম না, কখনও ভয় পাইনি। আমি কীভাবে দেখছি, কী পরছি সব কিছু ইতিমধ্যেই জানে দর্শক। তাই চরিত্র নিয়ে চিন্তা নেই।” তবে সেটে ঢোকার আগে এখনও ভয় পান, কারণ নতুন চরিত্রে নিজেকে ডুবিয়ে দেখতে হয় এবং দর্শকরা ছবিটা দেখার আগে সফলতা বোঝা যায় না।
হুমা আরও জানান, অভিনয়ের বাইরেও তিনি নানা বিষয়ে খোঁজ রাখেন এবং প্রতিদিন নিজের নতুন দিক আবিষ্কার করার চেষ্টা করেন। তাঁর মতে, এই প্রক্রিয়ায় কোনও ফুলস্টপ নেই শুধু ডট-ডট-ডট আছে।
পিআর/টিএ