© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দর্শকই শিল্পীদের বাঁচিয়ে রাখেন: সিয়াম আহমেদ

শেয়ার করুন:
দর্শকই শিল্পীদের বাঁচিয়ে রাখেন: সিয়াম আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ এএম | ২৯ মার্চ, ২০২৬
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। কারণ, প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত ঈদের সিনেমা ‘রাক্ষস’।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি দিয়ে আবারও সিয়াম প্রমাণ করলেন বড় পর্দায় তিনি ক্ষণিকের মেহমান নন। স্থায়ী আসন পেতে থাকতে চান ভক্ত হৃদয়ে। ঈদের দিন থেকে দর্শক প্রতিক্রিয়া সরাসরি দেখতে প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গিয়েছে সিয়ামকে। নিজের অভিজ্ঞতা জানিয়ে এ নায়ক বলেন, ‘সিনেমাটি দেখতে এখন পর্যন্ত তিনটি হলে গিয়েছি। দর্শকদের সাড়া দেখে ভীষণ ভালো লেগেছে। আমার ভেতরে দারুণ উত্তেজনা কাজ করছে।’

দর্শকদের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে? এমন প্রশ্নে সিয়াম বলেন, ‘সিনেমাটি দেখার পর দর্শকরা আমার সামনেই বিভিন্ন সংলাপ বলছিলেন। বিষয়টি আমাকে মুগ্ধ করেছে।
কেউ কেউ গানের কথা বলেছেন, আমার অভিনীত চরিত্রের প্রশংসা করেছেন। দর্শকদের এসব অনুভূতি আমাকে অন্য রকম ভালো লাগায় সিক্ত করেছে।’



এদিকে আজ সিয়ামের জন্মদিন। ঈদের খুশির মধ্যে বিশেষ এ দিন অভিনেতাকে আরও আনন্দ এনে দিয়েছে বলে জানান তিনি। জন্মদিন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সিয়াম বলেছিলেন, “বয়স বাড়ছে, জন্মদিনও আসছে নতুন সব অনুভূতি নিয়ে। পেছনে ফিরে যখন দেখি- পরিবারের সবার অবিশ্বাস্য সাপোর্ট, বন্ধুদের সঙ্গে কাটানো দারুণ সব মুহূর্ত, কলিগদের কাছ থেকে পাওয়া ভালোবাসা; কত কিছুই চোখে ভাসে। কিন্তু মনটা জুড়িয়ে যায় ভক্তদের ভালোবাসা দেখলে। আমি এই ভালোবাসাটা মন থেকে টের পাই। বাচ্চারা থেকে শুরু করে দাদি-নানি; সব পেশার, সব বয়সের মানুষের কত আদর-সম্মান যে পেলাম! এ ভালোবাসা কি অন্য কোনো প্রফেশনে গেলে পেতাম? না তো! তাই জন্মদিনে নিজেকে বলি, ‘শুভ জন্মদিন সিয়াম আহমেদ।’ আরও ভালো ভালো কাজ করো, দর্শককে এন্টারটেইন করো, তাদের হাসাও-কাঁদাও-ভাবাও। থেমে গেলে তো চলবে না, নাকি?”

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিয়াম বলেন, ‘দর্শকরাই আমার আসল ভালোবাসা। তারাই শিল্পীদের বাঁচিয়ে রাখেন। শুরু থেকেই তাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আসছি। আমি দর্শকদের জন্যই কাজ করে যাব। তাদের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই।’

১৯৯০ সালের ২৯ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন সিয়াম আহমেদ। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ২০১২ সাল থেকে পড়াশোনার পাশাপাশি টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা করতেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘ভালোবাসা ১০১’। এই নাটকের মধ্য দিয়েই টেলিভিশনে তার অভিনয়ের আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি একাধিক টিভি নাটকে অভিনয় করেন।

২০১৭ সালে ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ২০১৮ সালে ডিসেম্বরে বিয়ে করে অভিনেতা সিয়াম। তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কের ইতি টেনে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সিয়াম-অবন্তী। তাদের জুটি অনুরাগীদের কাছে বেশ প্রশংসিত।

কেএন/এসএন


মন্তব্য করুন