© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে রোহিঙ্গাসহ উদ্ধার ৪

শেয়ার করুন:
টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে রোহিঙ্গাসহ উদ্ধার ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ এএম | ৩০ মার্চ, ২০২৬
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারকারী সিন্ডিকেটের একটি আস্তানা থেকে স্থানীয় তিনজন ও এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দূর্জয় বিশ্বাস দেশের একটি গণমাধ্যমকে জানান, পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা অন্তত ১৫-১৬ জন নারী-পুরুষকে ওই আস্তানায় জড়ো করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে পাচারকারীরা দৌড়ে পাহাড়ে পালিয়ে যায়।এ সময় আস্তানা থেকে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া তিনজন স্থানীয় ব্যক্তি হলেন- শামশুল আলম (৩৬), রমজান (২৪) ও জিয়াবুল (২১)। তারা কক্সবাজারের খুরুশকুল ও উখিয়ার বাসিন্দা। অপরজন রহিমুল্লাহ (৪৮), তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, টেকনাফের কাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার বাসিন্দা মানবপাচারকারী ফারুকের নেতৃত্বে এই সিন্ডিকেটটি কয়েক দিনের মধ্যে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। তবে অভিযানের সময় সিন্ডিকেট প্রধান ফারুকসহ অন্যান্য পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন