ইরানের জনগণ অসাধারণ, তবে সমস্যা নেতৃত্বে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৩০ পিএম | ৩০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের জনগণ অসাধারণ হলেও দেশটির বর্তমান নেতৃত্বই মূল সমস্যা।
এবিসি নিউজের গুড মর্নিং আমেরিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের জনগণ ও নেতৃত্বকে আলাদা করে দেখে। তার ভাষায়, 'ইরানের জনগণ অসাধারণ। কিন্তু যারা দেশটি চালাচ্ছে, তারাই সমস্যা।'
রুবিও বলেন, ইরানে যদি ভবিষ্যতে আরও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির নতুন নেতৃত্ব আসে, তাহলে তা বিশ্বের জন্য ইতিবাচক হবে। তবে তা না হলে যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কিছু পক্ষের সঙ্গে পরোক্ষ যোগাযোগ চলছে। সেখানে পরিবর্তনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। তবে এসব ব্যক্তির বাস্তব ক্ষমতা আছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
রুবিও আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এর মধ্যে নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা শিল্প অবকাঠামো অন্তর্ভুক্ত।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্য অর্জনের পথে রয়েছে-যা কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে, তবে কয়েক মাস নয়।
হরমুজ প্রণালি নিয়েও সতর্ক করে রুবিও বলেন, ইরানকে এর নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না এবং এমন কোনো পদক্ষেপ 'গ্রহণযোগ্য নয়'।
ইউটি/টিএ