ইরানে বি-৫২ বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৯:৪৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের আকাশে বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলমান সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ তথ্য জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
জেনারেল কেইন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে এখন বড় আকারের ও ধীরগতির বি-৫২ বোমারু বিমানও নিরাপদে ওই অঞ্চলে উড়তে পারছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন প্রথমবারের মতো স্থলভাগের ওপর দিয়ে বি-৫২ মিশন চালাতে পারছি। এতে করে আমরা শত্রুর ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি।’ এর আগে ইরানের আকাশসীমায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র দ্রুতগতির ও আধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করত, যেমন বি-২ এবং বি-১ বোমারু বিমান। এবার তুলনামূলক পুরোনো হলেও শক্তিশালী বি-৫২ ব্যবহার শুরু করায় পরিস্থিতির বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বিশ্লেষকদের মতে, এটি ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এবং ভবিষ্যতে অভিযানের ধরন আরও বদলাতে পারে।
আইকে/টিএ