নিজেদের তেল নিজেরাই বুঝে নিন: মিত্র দেশগুলোকে ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ৩১ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র উত্তেজনা সৃষ্টি করে মিত্র দেশগুলোর প্রতি এক নজিরবিহীন ও বিস্ফোরক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তায় মিত্র দেশগুলোকে নিজেদের তেল নিজেদেরই বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকটের মধ্যে যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে দেশগুলোর উচিত সাহসের সঙ্গে হরমুজ প্রণালিতে গিয়ে নিজেদের প্রয়োজনীয় তেল ও জ্বালানি নিজেরাই সংগ্রহ করা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল' এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ বর্তমানে জেট ফুয়েল বা তীব্র জ্বালানি সংকটে ভুগছে, তারা যেন আর দেরি না করে হরমুজ প্রণালিতে গিয়ে তাদের যা প্রয়োজন তা দখল করে নেয়।
মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় জানান, যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য দেশগুলোর প্রয়োজনে বা সহায়তায় এগিয়ে আসবে না। বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যেসব দেশ সরাসরি অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল, তাদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র যখন কঠিন লড়াই করছিল তখন মিত্র দেশগুলো পাশে ছিল না, তাই এখন তাদের নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে এবং নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পথ নিজেদেরই খুঁজে নিতে হবে।
ইরানকে কার্যত 'নিশ্চিহ্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করে ট্রাম্প উল্লেখ করেন, কঠিন ও বিপজ্জনক কাজটি যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সম্পন্ন করেছে। এখন বাকি দেশগুলোর দায়িত্ব হলো সেখানে গিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কারণ ওয়াশিংটন আর কাউকে আগলে রাখার নীতিতে বিশ্বাসী নয়।
তথ্যসূত্র: বিবিসি
আইকে/টিএ