© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে আরও কঠোর আঘাত হানার হুমকি ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানে আরও কঠোর আঘাত হানার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই হামলা চালানো হবে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের (ইরান) ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’

চলমান ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প আরও বলেন, তারা আমেরিকার সব সামরিক লক্ষ্য খুব শিগগিরই পূরণ করার পথে রয়েছে। ইরান যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবেই আবার খুলে যাবে বলে দাবি করেন ট্রাম্প।

এর আগেও সমঝোতা হোক বা না হোক, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ৫ দফা শান্তি প্রস্তাবও দিয়েছে পাকিস্তান ও চীন। তবে, হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তৎপরতা চালাচ্ছে ইরান। তবে যুদ্ধ শেষ করতে সমঝোতাকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা বন্ধ করবে ওয়াশিংটন। এ ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

এমন অবস্থায় মঙ্গলবার রাতেও ইরানের ইসফাহানে একের পর এক বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যায়।

হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্পপ্রতিষ্ঠানেও। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাত কারখানা এবং বিদ্যুৎকেন্দ্র।

ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দিচ্ছে ইরান। পহেলা এপ্রিল থেকে অ্যাপল, গুগল, মেটাসহ ১৮টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

টিজে/এসএন 

মন্তব্য করুন