© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই আরব সাগরে চীন-পাকিস্তানের যৌথ নৌ মহড়া

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই আরব সাগরে চীন-পাকিস্তানের যৌথ নৌ মহড়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝেই আরব সাগরে শেষ হলো চীন ও পাকিস্তানের ৭ দিনব্যাপী যৌথ নৌ মহড়া। বুধবার এক বিবৃতিতে (১ এপ্রিল) 'সী গার্ডিয়ান ৪' নামের এ মহড়াটি সম্পন্ন হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) নিশ্চিত করেছে।

মূলত ২ দেশের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা এবং সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই এ যৌথ মহড়ার আয়োজন করা হয়। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী মহড়াটিকে প্রধানত দুটি পর্বে পরিচালনা করা হয়েছে। এর মধ্যে করাচিতে অনুষ্ঠিত ৫ দিনের একটি বন্দর পর্ব এবং উত্তর আরব সাগরে ২ দিনের একটি সামুদ্রিক পর্ব অন্তর্ভুক্ত ছিল।

সমুদ্র পর্বে ২ দেশের নৌবাহিনী নিজেদের অভিযানগত ও কৌশলগত সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু জটিল সামরিক অনুশীলন পরিচালনা করে। এসব অনুশীলনের মধ্যে বহুমুখী ও ঝাঁকবদ্ধ হুমকির বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা মহড়া, পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিনের সাথে যৌথ অভিযান, প্রচলিত নৌ-যুদ্ধ কৌশল এবং সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ফায়ারিং বিশেষভাবে উল্লেখযোগ্য।

মহড়ার শেষ পর্যায়ে আরব সাগরে ২ দেশের যুদ্ধজাহাজ একটি সমন্বিত টহল পরিচালনা করে। আইএসপিআর তাদের বিবৃতিতে জানিয়েছে, সমন্বিত এ টহল এবং সফল মহড়ার মধ্য দিয়ে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে চীন এবং পাকিস্তান উভয় দেশের নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকারই পুনরায় প্রতিফলিত হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

টিজে/এসএন 

মন্তব্য করুন