টানা ৩ দিন শিলাবৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ৩ দিন শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পর দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা বাড়তে পারে। সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ফেনী ও কুড়িগ্রামের রাজারহাটেও বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এমআর/টিকে