বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত
১১:৪৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
বরিশালের মুলাদীতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়িতে এই অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ মজুতের দায়ে ইউপি সদস্যের ভাই বাচ্চু আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহার নেতৃত্বে মুলাদী থানা পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইউপি সদস্য সুমন ঘরামীর ঘরের সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল এবং তাঁর ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এসব জ্বালানি তেল ও চাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
সরকারি চাল উদ্ধারের বিষয়ে চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন ইউপি সদস্যের বাড়িতে এভাবে সরকারি চাল থাকার কথা নয়। এই চাল কোথা থেকে কীভাবে তার বাড়িতে গেল, সে বিষয়ে আমার কিছু জানা নেই।’ অভিযুক্ত ইউপি সদস্য সুমন ঘরামী চালগুলো কিনে রাখার দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি।
সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার বিষয়টি অভিযুক্তরা স্বীকার করেছেন। জব্দকৃত ডিজেল খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে। এছাড়া সরকারি চালের বিষয়ে তদন্ত চলছে; ইউপি সদস্য যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালের উৎসের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ইউটি/টিএ