© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

শেয়ার করুন:
কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

রবিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়।

শাহরিয়ারের কবিরের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম মেহদী হাসান। তিনি ট্রাইব্যুনালকে জানান, তার মক্কেল এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন। তিনি (শাহরিয়ার কবির) বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। এ জন্য কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্যতা রাখেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘আমাদের এ মামলায় দুই মাস আগে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট হয়েছে। তবে তিনি ডিভিশন পেলে অন্যরা কেন পাবেন না।

এ ছাড়া আসামিপক্ষের আইনজীবীরা আগে কারা কর্তৃপক্ষের কাছে যাক। সেখানে না পেলে আদালতে আসুক। উভয়পক্ষের শুনানি শেষে আজ এ নিয়ে কোনো নির্দেশ দেননি ট্রাইব্যুনাল।’
এ প্রসঙ্গে আইনজীবী মেহদী হাসান গণমাধ্যমকে বলেন, ‘কবি-সাহিত্যিক শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়ে আমরা আজ একটি আবেদন করেছি।

এ নিয়ে শুনানিও হয়েছে। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন।’

তিনি বলেন, ‘কারাবিধি অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে এ সুবিধা পাওয়ার অধিকার রাখেন শাহরিয়ার কবির। শুনানি শেষে বিষয়টি বিবেচনায় নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে আদেশ দেবেন বলে আমরা আশাবাদী।

এদিকে, এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবিরসহ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন