লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ওসিসহ আহত ১০
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করার চেষ্টাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানার ওসি ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে তা অমান্য করে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এ সময় চকবাজার জেলা জামে মসজিদের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এতে লক্ষ্মীপুর মডেল থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের ব্যানারে থাকা জুলাই ফাইটার্সের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম ও জুলাই ফাইটার্সের কর্মী এবং ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, এতে হাবিবুর রহমান ফাহিম আহত হন।
এর প্রতিবাদে রোববার বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা চকবাজার মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চকবাজার মসজিদের সামনে জড়ো হয়। একপর্যায়ে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ১৪৪ ধারা ভঙ্গ না করতে অনুরোধ জানায়। কিন্তু পুলিশের বাধা অমান্য করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
শিক্ষার্থীদের হামলায় সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ খবর পেয়ে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ধাওয়া দেয়। এতে জামায়াত নেতা শহিদউল্লাহসহ কয়েকজন আহত হন। এ নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে থাকা জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় সদর থানার ওসি ওয়াহিদ পারভেজসহ অন্যদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করেছে। পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সদর থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
এসএন