সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত
০১:৪৯ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার বাদীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে এই সাক্ষ্যগ্রহণ পর্বের সূচনা হয়।
বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার বাদী ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান সাক্ষ্য প্রদান করেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন।
দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া তথ্য দিয়ে ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ঋণ নেওয়া হয়। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ এই ঋণ অনুমোদন করে। পরবর্তীতে ঋণের টাকা চারটি ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর ও নগদ উত্তোলন করা হয়।
তদন্তে জানা গেছে, আত্মসাৎকৃত এই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনা হয়েছে এবং জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসেবে জমা দিয়ে দায় সমন্বয় করা হয়েছে।
এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।
রোববার শুনানি চলাকালে কারাগারে থাকা ৯ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। মামলায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, রোববার মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান আদালতে বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। মামলায় মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
এসএস/টিএ