ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষাকে গুলিয়ে ফেলা ঠিক নয়: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৪৫ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার মধ্যকার পার্থক্য স্পষ্ট করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, "ইঞ্জিনিয়ারিং এডুকেশন আর টেকনিক্যাল এডুকেশন এক নয়। এই দুইটিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না।" তিনি দেশের কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই খাতে আলাদাভাবে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সময়সীমা বা কাঠামো পরিবর্তন নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ও সংশ্লিষ্টদের সাথে ফলপ্রসূ মতবিনিময় ছাড়া এই প্রোগ্রামে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সরকারের বর্তমান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, তার মূল লক্ষ্য টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে এগিয়ে নেওয়া। উদাহরণ হিসেবে তিনি সিঙ্গাপুর-এর ভোকেশনাল শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরে বলেন, সেখানে প্রচলিত একাডেমিক যোগ্যতা ছাড়াই দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় এবং তিনি নিজেও এ ধরনের প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
শিক্ষার্থীরা আলোচনায় জানান, দেশে পলিটেকনিক শিক্ষায় প্রায় ৫৯ শতাংশ প্র্যাকটিক্যাল থাকার কথা থাকলেও বাস্তবে তার ঘাটতি রয়েছে। জবাবে মন্ত্রী বলেন, তিনি নিজেও ল্যাব পরিদর্শনে গিয়ে প্রত্যাশিত বাস্তব চিত্র পাননি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “কাজির গরু কেতাবে আছে, খাতায় আছে গোয়ালে নেই।”
এসএস/টিএ