সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পেতে পারে ১৭টি প্রকল্প
ছবি: সংগৃহীত
০৮:৩৯ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
সরকার গঠনের পর আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক বসছে। প্রাথমিকভাবে বৈঠকে ১৮টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্পই উপস্থাপন হতে পারে। এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। বৈঠকে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যখাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়ন গুরুত্ব পেলেও বাদ যাচ্ছে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে ১৮টি প্রকল্পের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্পই উপস্থাপন হতে পারে, যার মধ্যে ৯টি নতুন প্রকল্প। এছাড়া, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে। তবে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ পড়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় পদ্মা ব্যারাজ প্রকল্প প্রস্তাব করেছিল ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। তবে বৈঠকে আলোচনার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প।
বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট ৩ টি, মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ ২টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প উঠতে যাচ্ছে। মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিকনির্দেশনা হিসেবে দেখা হবে। তবে প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং সঠিক তদারকির প্রয়োজন রয়েছে।
অর্থনীতিবিদ অধ্যাপক মো. আইনুল ইসলাম বলেন, জলবায়ু, নদী, রাস্তা, ভবন, ব্রিজ-কালভার্টের মতো প্রকল্প হাতে নেয়ার উদ্যোগ প্রশংসনীয়। তবে প্রকল্প বাস্তবায়ন ও ব্যয় সমন্বয় বড় চ্যালেঞ্জ। এখানে দুর্নীতি হতে পারে, প্রকল্প দীর্ঘমেয়াদি হলে খরচ বাড়তে পারে; তাই নজরদারি জরুরি।
বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর উন্নয়নের অগ্রাধিকার।
এসকে/এসএন