© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট কারচুপির চিন্তাও যেন কেউ না করে: ইসি সানাউল্লাহ

শেয়ার করুন:
ভোট কারচুপির চিন্তাও যেন কেউ না করে: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
দেশে কেউ যেন কারচুপি বা দুই নম্বরি ভোটের চিন্তাও না করে- এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত-রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’

তিনি জানান, এই নির্বাচনকেও কমিশন সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘অতীতে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছিল, যা কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে।

এর পাশাপাশি অস্ত্রসহ তিনজন আনসার সদস্য এবং অস্ত্রবিহীন আরও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান কমিশন।

অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা উদ্বেগজনক।’
কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এমআর/টিকে  

মন্তব্য করুন