© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

শেয়ার করুন:
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে।

সোমবার (০৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাত জনের মধ্যে এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ দেশে এসেছে। তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দেয়া হচ্ছে তাদের পরিবারকে বলেও জানান তিনি।
 
২০ বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ ১৫ বছরের প্রবাস জীবন ছিল তার। একটাই লক্ষ্য ছিল পরিবারের মুখে হাসি ফোটানোও। কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল অপূর্ণ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আবদুল্লাহ আল মামুন এবার দেশে ফিরলেন লাশ হয়ে।
 
পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মরদেহ বহনকারী বিমান‌টি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মামুনের প‌রিবা‌রের উপ‌স্থি‌তি‌তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
 
গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে এসেছে।

আরআই/টিকে

মন্তব্য করুন