© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ

শেয়ার করুন:
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
দেশের শিক্ষা ব্যবস্থায় আপাতত অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে না সরকার। বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে।

সোমবার সকালে ঢাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার শিক্ষাঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে কেবল সংশ্লিষ্ট মন্ত্রণালয় নয়, বরং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, “সর্বশেষ আলোচনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাসের দিকে যাচ্ছি না। কেবিনেট পর্যায়েও এ বিষয়টি বড়ভাবে বিবেচনায় নেই।”

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগর এলাকায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন পাঠদানের বিষয়টি বিবেচনায় নেয় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহেই একটি প্রস্তাব চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অংশীদারদের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত পদ্ধতি নির্ধারণ করা হবে। এরপর তা কেবিনেটে উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।” শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিকল্প পদ্ধতি নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন