১৩৩ অধ্যাদেশ ঘিরে মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন মঙ্গলবার থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার তার বিশেষ ক্ষমতা বলে বিল উত্থাপনের অনুমতি দেন।
এসময় বিলের কপি তিনদিন আগে হাতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলীয় সংসদ সদস্য (এমপি)সাইফুল আলম খান মিলন সংসদের কার্যপ্রণালী বিধি উল্লেখ করে বলেন, বিধিতে আছে বিলের প্রতিলিপি অন্তত তিন দিন আগে সদস্যদের হাতে পৌঁছাতে হবে। কিন্তু আমাদের ৪৯ পৃষ্ঠার একটি বিশাল দলিল এইমাত্র দেওয়া হলো। আমরা নতুন, আমাদের শেখার সময় দিতে হবে। এভাবে হুট করে বিল দিলে আমরা আলোচনা করব কীভাবে? আমরা অধিকার বঞ্চিত হচ্ছি।
তার আপত্তির জবাবে স্পিকার বলেন, বিধিতে তিনদিনের কথা বলা থাকলেও স্পিকারের একটি বিশেষ ক্ষমতা আছে। জরুরি প্রয়োজনে তিনি সেই সময়সীমা মওকুফ করতে পারেন। সেই ক্ষমতা বলেই বিলটি এখানে আনা হয়েছে।
এ সময় পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে চিফ হুইপ নরুল ইসলাম বলেন, আমাদের সামনে ১৩৩টি অধ্যাদেশ রয়েছে। সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে রূপান্তর না করলে ল্যাপস (বাতিল) হয়ে যাবে। এতে দেশ বড় ধরনের বিড়ম্বনায় পড়বে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এই সবগুলো বিল পাস করতে হবে।
১৩৩ অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে (সকাল সাড়ে ১০টা এবং বিকেল সাড়ে ৩টা) অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে বিল পাসের জন্য ‘সরকারি দিবস’ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রয়োজনে শুক্রবারের বিকেলেও বিল শেষ না হওয়া পর্যন্ত অধিবেশন চালানোর কথা জানান চিফ হুইপ।
আইকে/টিএ