© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে মারধোর

শেয়ার করুন:
অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে মারধোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
খাগড়াছড়ি জেলা শহরের একটি ফিলিং স্টেশনে অতিরিক্ত অকটেন না পেয়ে এক ট্যাগ অফিসারের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওই কর্মকর্তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং জ্বালানি তেল বিতরণ তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নিয়ম অনুযায়ী জনপ্রতি ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করেন। কর্তব্যরত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা সরকারি নির্দেশনা মেনে অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবকেরা। পরে দুপুরে হেমন্ত চাকমা মহাজন পাড়া এলাকায় মধ্যাহ্নভোজ করতে গেলে ওত পেতে থাকা ওই যুবকেরা তাঁকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে আনে। এরপর লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁর একটি হাত ভেঙে দেয়।

হামলার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হেমন্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মচারীর ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। দ্রুতই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবি/টিএ

মন্তব্য করুন