আই অ্যাম ফিট, ডোন্ট গেট নার্ভাস: রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৫৯ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে হামের টিকা ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমি কিন্তু একজন এজড (বয়স্ক) মানুষ। লুকিং ভেরি ইয়াং, বাট এজড। ডোন্ড গেট নার্ভাস, আই অ্যাম ফিট। আমি নিজেও ঝুঁকি থাকা সত্ত্বেও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের ওয়ার্ড পরিদর্শন করেছি এবং একটি শিশুর মৃত্যুর পর কেঁদেছি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের বিস্তার, টিকার সংকট ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। সংসদে রুমিন ফারহানার বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ডোন্ট গেট নার্ভাস, আই অ্যাম ফিট। এসময় প্যানিক না ছড়িয়ে তথ্য যাচাই করে কথা বলার আহ্বান জানান তিনি।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কোনোভাবেই বিষয়টি এড়িয়ে যাইনি। আমি তার (রুমিন ফারহানা) প্রতিটি বক্তব্যের জবাব দিয়েছি, তাকে অসম্মান করার কিছু করিনি। এখানে সেন্সিটিভের কী হলো? উনি যেমন বুঝছেন তেমনই বলছেন- আই অ্যাম নট সেনসিটিভ। এখানে সেনসিটিভ হবার কোনো জায়গা নেই। এটা অন্য জায়গায়, এখানে না।
রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ হিসাবে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে। আমি বিষয়টি ভালোভাবেই বুঝি, কারণ আমার নিজের সন্তানও একসময় হামে আক্রান্ত হয়েছিল। তাই এ নিয়ে আবেগ বা বাস্তবতা অজানা নয়।
এসময় তিনি পরিসংখ্যান ব্যবহারে সতর্কতার আহ্বান জানিয়ে বলেন, একটি পত্রিকার তথ্যের ওপর ভিত্তি করে না বলে দয়া করে ক্রসচেক করবেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, মানুষকে ভয় দেখানো নয়, সাহস দেওয়া আমাদের দায়িত্ব। করোনার সময় যেমন নানান আশঙ্কা ছড়িয়েছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি। তেমনই হামের ক্ষেত্রেও অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান তিনি।
পিআর/টিএ