© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিহত বাংলাদেশির মরদেহ ১৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

শেয়ার করুন:
নিহত বাংলাদেশির মরদেহ ১৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

আজ বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ নম্বর সীমান্ত পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে, ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বিএসএফের সঙ্গে ফোনালাপে জানা গেছে, ৭-৮ জন বাংলাদেশি গভীর রাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা বাধা দেয়। পরে তারা ছত্রভঙ্গ না হওয়ায় বিএসএফ গুলি চালায়। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, আলী হোসেন সীমান্তবর্তী গরু চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তারা জানান, 'ডাঙ্গোয়াল' নামে পরিচিত এসব ব্যক্তিরা ভারত থেকে গরু এনে বাংলাদেশে বিক্রি করতেন। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক সন্ধ্যায় আলী হোসেনের মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন