চট্টগ্রামে ২ হাজার লিটার অবৈধভাবে মজুত অকটেন জব্দ, দেড় লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০১:৩২ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
নগরের পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্সবিহীনভাবে অকটেন মজুত করার অভিযোগে জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজা টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে পতেঙ্গার তালতলা এলাকার ‘হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্স’-এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।
অভিযান সূত্রে জানা যায়, দোকানটির মালিক জয়নাল আবেদিনের প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১১টি ড্রামে (প্রতি ড্রাম ২০০ লিটার) ও ১৪টি প্লাস্টিক জারে (প্রতি জার ২০ লিটার) মোট প্রায় ২,৪৮০ লিটার অকটেন পাওয়া যায়। এসব জ্বালানি লাইসেন্স ছাড়াই মজুত করা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, জয়নাল আবেদিন নিজেকে একাধিক বাণিজ্যিক স্পিডবোটের মালিক হিসেবে পরিচয় দিলেও অকটেন কেনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯- এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এছাড়া একই আইনের ২১(ক) ধারা অনুযায়ী মজুদকৃত অকটেন জব্দ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এসব অকটেন নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের নির্দেশনা মোতাবেক জ্বালানি তেল মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসন নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং এটি অব্যাহত থাকবে।
এদিকে আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুদ রাখায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছিল। এ ধরনের অবৈধ মজুদবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসকে/টিএ