বাংলাদেশি কর্মী নিয়োগে খরচ কমানোর আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০২:৫৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুত্রজায়ায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করেই নিয়োগ প্রক্রিয়ার খরচ কমানো অত্যন্ত জরুরি।
ফেসবুকে দেয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, সাক্ষাতের সময় মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কর্মীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিশেষ করে নির্মাণ ও উৎপাদন খাতে কর্মরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তা ও কল্যাণে মালয়েশিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার নিয়োগ ব্যয় হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে, বৈঠক চলাকালীন আনোয়ার ইব্রাহিম গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে নিকট ভবিষ্যতে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার এই সম্পর্ক আগামীতে আরও সমৃদ্ধ হবে।
আরও পড়ুন:মালয়েশিয়া / অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু, কোম্পানিকে ৭০ হাজার রিঙ্গিত জরিমানা
এই আলোচনার মাধ্যমে দুই দেশের শ্রমবাজার এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ সুগম হবে বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের।