© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা আশাজির পাগল ভক্ত ছিলেন: প্রসেনজিৎ

শেয়ার করুন:
মা আশাজির পাগল ভক্ত ছিলেন: প্রসেনজিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গ। তার মৃত্যুতে কাঁদছে সংস্কৃতি অঙ্গন, কাঁদছেন কোটি কোটি অনুরাগী। সেই দলে আছেন খ্যাতিমান বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। আশার প্রয়াণে শোক প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন সেকথা।

প্রসেনজিতের অনেক সিনেমায় গান গেয়েছিলেন আশা ভোঁসলে। শৈশব থেকে শিল্পীর গানের সঙ্গে জুড়ে আছে প্রসেনজিতের স্মৃতি। পরে দুজনার গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক। কলকাতার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আশাজির সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আমার পরিচালনায় “পুরুষোত্তম” ছবিতে আরডি বর্মণ সুর করেছিলেন। আশাজি সেই ছবির জন্য গাইতে এসেছিলেন।
এটা আমার কাছে একেবারে স্বপ্নের মতো। তিনি প্রচুর গান বাংলার জন্য গেয়েছেন। ছোটবেলা থেকে শুনেছি। ওগুলোই মনের মধ্যে থেকে যাবে।’

অভিনেতা প্রসেনজিতের মা ছিলেন আশা ভোঁসলের একজন অনুরাগী। শিল্পীর প্রয়াণে সেকথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার মা আশাজির পাগল ভক্ত ছিলেন। ভারতবর্ষের সঙ্গীতজগতে তিনি একটা নতুন দিক তৈরি করেছিলেন। তার কণ্ঠের একটা আলাদা প্যাটার্ন ছিল। বিভিন্ন ভাষায় আশা ভোঁসলের গানের যে সম্ভার তৈরি হয়েছে, তা আজীবন থেকে যাবে।’



প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আপন পর’, ‘অমরসঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’র মতো বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন আশা ভোঁসলে।

গতকাল রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে আশা ভোঁসলের শেষকৃত্যের ব্যবস্থাপনা রাখা হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন