© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে কালবৈশাখী ঝড় : বজ্রপাতে প্রাণ গেল ১ জনের, আহত ৯

শেয়ার করুন:
যশোরে কালবৈশাখী ঝড় : বজ্রপাতে প্রাণ গেল ১ জনের, আহত ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
যশোরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বজ্রপাতে একজন নিহত ও ঝড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

ঝড়ের সময় মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর সরদারপাড়ায় বজ্রপাতে লুৎফর সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে, ঝড়ের কবলে পড়ে আহত হয়ে জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝড়ের তীব্রতায় মণিরামপুর উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বড় ভাসমান সেতুটি ঝাঁপা বাঁওড় থেকে বিচ্ছিন্ন হয়ে ভেসে গেছে। এতে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এছাড়া, যশোর-বেনাপোল মহাসড়কে রাস্তার পাশের বিশালাকৃতির গাছ উপড়ে পড়ে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছ সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

ঝিকরগাছা উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, যা উঠতি ফসলের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। জেলার বিভিন্ন স্থানে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগণিত গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়ায় জেলার অধিকাংশ এলাকা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

প্রশাসনের পর্যবেক্ষণ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া না গেলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কৃষি বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন বলে জানা গেছে।

এবি/টিএ

মন্তব্য করুন