আশকোনা হজ ক্যাম্পে হঠাৎ ধর্মমন্ত্রী, মশার উপদ্রবের অভিযোগ হাজিদের
ছবি: সংগৃহীত
০৩:১১ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর আশকোনা হজ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ফ্লাইট শুরু হওয়াকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে মন্ত্রী হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের যাত্রা প্রস্তুতি, থাকা-খাওয়া, চিকিৎসাসেবা, নিরাপত্তাব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রতিটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।
এ সময় অনেক হজযাত্রী ধর্মমন্ত্রীকে জানান, ডরমিটরিতে মশার উপদ্রব রয়েছে। মশা তাড়াতে ধূপ দেওয়ার ফলে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁরা বেশ কষ্ট পাচ্ছেন। পাশাপাশি তাঁরা অন্যান্য সেবার মানও বাড়ানোর অনুরোধ জানান।
ধর্মমন্ত্রী ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর বিশেষ মেহমান। তাঁদের সেবাকে শুধু দায়িত্ব হিসেবে নয়, বরং ইবাদতের অংশ হিসেবে নিতে হবে। কোনোভাবেই যেন তাঁরা কষ্ট না পান, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাঁদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন-এ বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সংশ্লিষ্ট মহলের মতে, ধর্মমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন হজ ব্যবস্থাপনায় তদারকি জোরদার এবং সেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল ও মানবিক হতে উদ্বুদ্ধ করবে।
আইকে/টিএ