চীনা নাগরিককে কুপিয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত
০৭:২১ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম এবং মালামাল লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১০ এর অধিনায়ক অতিরিক্ত ডি আই জি মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি অংশ জব্দ করা হয়েছে।
তিনি জানান, গত ১৪ এপ্রিল গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই র্যাব-১০ অভিযান শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
তিনি আরও জানান, গ্রেপ্তার নাছির পিয়াদারের বিরুদ্ধে পূর্বে দুটি মামলা রয়েছে। এছাড়া রোমান শেখ ও মামুনের বিরুদ্ধেও একটি করে মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
এসএস/এসএন