© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, ২ বোন গুলিবিদ্ধ

শেয়ার করুন:
প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, ২ বোন গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার আপন দুই বোন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়া আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত নেতার নাম ধর্ম সিংহ চাকমা। তিনি ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। আহত দুই বোন হলেন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।
 
কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা বলেন, ‘স্থানীয়ভাবে জেনেছি, ২০-৩০ জনের অস্ত্রধারী একটি দল ধর্ম সিংহের বাড়ির দিকে আসে। বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দৌড় দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখন তার দুই বোন তাকে বাঁচাতে গেলে তারাও গুলিবিদ্ধ হন।’
 
ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মারমা জানান, ধর্ম সিংহ সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় থাকতেন। বিজু উৎসব উপলক্ষে তিনি নিজ বাসায় এসেছিলেন। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা ভোরে তাকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
 
হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও কুতুকছড়িতে অবরোধ পালন করছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএস (সন্তু লারমা) পক্ষের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
 
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অ্যান্থনি চাকমা জানিয়েছেন, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
 
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। লাশ পাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।’

কেএন/এসএন



মন্তব্য করুন