এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ফ্যাসিবাদী শাসনমুক্ত পরিবেশে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। পাশাপাশি হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কেএন/এসএন