© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী ক্ষমতায়নে মোদির ভূমিকায় সুর মিলিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

শেয়ার করুন:
নারী ক্ষমতায়নে মোদির ভূমিকায় সুর মিলিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
সংসদের ভেতরে হঠাৎ করেই যেন সিনেমার সংলাপের আবহ। আলোচনার কেন্দ্রবিন্দুতে মহিলা সংরক্ষণ বিল, আর সেই বিতর্কের মাঝেই একেবারে অভিনয়শৈলীতে নিজের বক্তব্য পেশ করলেন অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা কঙ্গনা রানাউত। তার কণ্ঠে বারবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা, আর সেই সুরেই যেন নতুন করে উসকে উঠল শাসক-বিরোধী তরজা।

বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে কঙ্গনা রানাউত এমন এক বক্তব্য রাখলেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তিনি দাবি করেন, বর্তমান সময়ে নারীদের অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন নরেন্দ্র মোদি। তার ভাষায়, আধুনিক মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী, যেখানে নারীদের পোশাক বা জীবনযাপন নিয়ে কোনও সংকীর্ণতা নেই। বরং নারীরা যেন নিজেদের মতো করে বাঁচতে পারে, সেই বার্তাই দিচ্ছে সরকার।

নিজের বক্তব্যে তিনি অতীত ও বর্তমানের তুলনাও টেনে আনেন। গত ছয় দশকে যা সম্ভব হয়নি, তা মাত্র এক দশকে বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন কঙ্গনা। পাকা বাড়ি নির্মাণ থেকে গ্যাস সরবরাহ কিংবা প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি সব ক্ষেত্রেই তিনি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। তাঁর মতে, নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকারের বিশেষ তাগিদ রয়েছে।



তবে শুধু প্রশংসাতেই থেমে থাকেননি এই তারকা সাংসদ। বিরোধীদের অভিযোগের জবাব দিতেও ছিলেন সরব। বিশেষ করে সোনিয়া গান্ধীর মন্তব্যকে ঘিরে কটাক্ষ করেন তিনি। প্রশ্ন তোলেন, বিলটি পাস করতে দ্রুততা দেখানো কি ভুল, নাকি বিরোধীদের মতো বছরের পর বছর ফেলে রাখাই উচিত ছিল। তাঁর এই মন্তব্য সংসদে নতুন করে উত্তেজনার সৃষ্টি করে।

এদিনের বক্তৃতায় সিনেমার জনপ্রিয় সংলাপও টেনে আনেন কঙ্গনা। সেই সংলাপের মাধ্যমে তিনি বোঝাতে চান, সমাজের সব বাধা ভেঙে নারীদের এগিয়ে যাওয়ার সময় এসেছে। তাঁর কথায়, সব দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, এখন মেয়েদের নিজেদের জীবন নিজের মতো করে গড়ে তোলার সুযোগ করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মহিলা সংরক্ষণ আইন অনুযায়ী দেশের আইনসভাগুলিতে নারীদের জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। তবে জনগণনা ও আসন পুনর্বিন্যাসের জটিলতায় এখনও তা কার্যকর হয়নি। এই প্রেক্ষাপটেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে, আর সেই বিতর্কের মাঝেই কঙ্গনা রানাউতের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।

পিআর/এসএন

মন্তব্য করুন