শুটিং সেটে ৫০ হাজার টাকা চুরি, অস্বস্তিতে রাশি খান্না!
ছবি: সংগৃহীত
১০:৩৭ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
শুটিং সেট মানেই ব্যস্ততা, আলো, ক্যামেরা আর অভিনয়ের ভিড়ে তৈরি এক আলাদা জগৎ। কিন্তু সেই সাজানো পরিবেশেই হঠাৎ ঘটে গেল এক অস্বস্তিকর ঘটনা, যা ঘিরে এখন চর্চায় অভিনেত্রী রাশি খান্না।
নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাশি। ঠিক সেই সময়েই সেটে চুরির অভিযোগ সামনে আসে। খবর অনুযায়ী, একটি ব্যাগ থেকে প্রায় ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রথমে শোনা যায়, ওই টাকা নাকি রাশিরই ছিল, ফলে ঘটনাটি আরও বেশি চাঞ্চল্য তৈরি করে।

তবে পরে পরিস্থিতি খানিকটা পরিষ্কার হয়। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়, চুরি হওয়া টাকা আসলে রাশির নয়, তার ম্যানেজারের। ফলে ব্যক্তিগতভাবে রাশির ক্ষতি না হলেও ঘটনাটি ঘিরে সেটে তৈরি হয় উত্তেজনা।
সূত্রের দাবি, ভ্যানিটি ভ্যানের কর্মীদের মধ্যেই এক জন এই চুরির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একটি ব্যাগ থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় সেটেরই দু’জন তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর অভিযুক্তকে আটক করা হয়।
ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে ধরে সেটের বাইরে বের করে দেন বলেও জানা গিয়েছে। এই ঘটনার জেরে শুটিং সেটে কিছু সময়ের জন্য কাজ ব্যাহত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন জগতের অন্দরে নতুন করে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে। অনেকেই মনে করছেন, এমন ঘটনা শুধু অস্বস্তিকরই নয়, শিল্পীদের কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি করে।
যদিও রাশি খান্না নিজে এই ঘটনায় সরাসরি জড়িত নন, তবু তার শুটিং সেটেই এমন ঘটনা ঘটায় বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
পিআর/টিএ