‘টপ গান থ্রি’ নিয়ে ফিরছেন টম ক্রুজ
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
হলিউড সুপারস্টার টম ক্রুজের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি আসছে। ‘টপ গান: ম্যাভরিক’-এর আকাশচুম্বী সাফল্যের পর এবার সিরিজের তৃতীয় সিনেমার কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজক সংস্থা প্যারামাউন্ট। গত বৃহস্পতিবার লাস ভেগাসের এক অনুষ্ঠানে এই খবর নিশ্চিত করা হয়।
সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। ভ্যারাইটি ও ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের সফল সিনেমা ‘টপ গান: ম্যাভরিক’-এর সিক্যুয়েল লেখার দায়িত্বে থাকছেন ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার ও ক্রিস্টোফার ম্যাককোয়ারি। মাত্র ১৭০ মিলিয়ন ডলারে নির্মিত ‘ম্যাভরিক’ বিশ্বব্যাপী দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমা শিল্পে নতুন প্রাণ ফিরিয়ে এনেছিল।
পর্দায় আসার পাশাপাশি টম ক্রুজ স্ক্রিপ্টের কাজেও যুক্ত রয়েছেন। ফিরছেন ম্যাভরিক চরিত্রেই; এছাড়াও ধারণা করা হচ্ছে, নতুন কিস্তিতে মাইলস টেলার ও গ্লেন পাওয়েলকেও দেখা যাবে।

এবারের গল্পেও ম্যাভরিককে একজন মেন্টর বা গুরু হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আরও চমকে দেওয়ার বিষয় হলো, টম ক্রুজের আগের সিনেমাগুলোর মতো এখানে বিশেষ কোনো ইফেক্ট ব্যবহার করা হবে না; বাস্তবের উড়োজাহাজ চালানোর দৃশ্য ব্যবহার করা হবে।
১৯৮৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘টপ গান’ সিনেমায় লেফটেন্যান্ট পিট ‘ম্যাভেরিক’ মিচেল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া পান টম ক্রুজ। ৩৬ বছর পর দ্বিতীয় কিস্তিতে ফিরে তিনি নতুন প্রজন্মের দর্শকদের মন জয় করেন। আর ‘টপ গান থ্রি’ প্রেক্ষাগৃহে আসতে আরও কয়েক বছর সময় লাগবে ধরে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
পিআর/টিএ