© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭০-এ ঝলমলে মুনমুন সেন, নতুন লুকে চমক

শেয়ার করুন:
৭০-এ ঝলমলে মুনমুন সেন, নতুন লুকে চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
বয়স যেন কেবল সংখ্যা এই কথাটাকেই আবার নতুন করে সত্যি করে তুললেন মুনমুন সেন। সত্তর পেরিয়েও তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস যেন আজও সমান উজ্জ্বল। সাম্প্রতিক এক ফটোশুটে ‘লেডি বস’ অবতারে ধরা দিয়ে নেটদুনিয়ায় নতুন করে আলোড়ন তুলেছেন তিনি।

সাদা স্যুট, চোখে মোটা ফ্রেমের চশমা, ঠোঁটে গাঢ় লিপস্টিক সব মিলিয়ে এক আধুনিক, আত্মবিশ্বাসী নারীর রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর এই উপস্থিতিতে যেন স্পষ্ট বার্তা সময় পেরোলেও স্টাইল আর ব্যক্তিত্বের কোনও বয়স হয় না। বরং বয়সের সঙ্গে সঙ্গে তা আরও পরিণত ও গভীর হয়ে ওঠে।



চলচ্চিত্রের সঙ্গে তার সম্পর্ক জন্মসূত্রেই। কিংবদন্তি সুচিত্রা সেন-এর কন্যা হিসেবে ছোট থেকেই আলোয় থাকা মুনমুন সেন আশির দশকেই নিজের সাহসী উপস্থিতি দিয়ে চর্চায় ছিলেন। সেই সময়ের সমাজে যখন পোশাক ও উপস্থাপনা নিয়ে নানা বাঁধাধরা ধারণা ছিল, তখনই নিজের মতো করে ভাঙচুর করেছিলেন তিনি।

এই ফটোশুটটি করেছেন রূপটান শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের পরিকল্পনায়। জানা গেছে, বহুদিন ধরেই এমন একটি কাজের ইচ্ছা ছিল তার। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আর তার ফলেই তৈরি হয়েছে এই চর্চিত রূপ।

বর্তমানে তাকে বেশিরভাগ সময় ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেলেও, এই নতুন রূপে যেন আবারও প্রমাণ করলেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে তিনি সবসময়ই প্রস্তুত। নেটদুনিয়ায় অনেকেই মন্তব্য করছেন, বর্তমান প্রজন্মের অনেক অভিনেত্রীর সঙ্গে টক্কর দেওয়ার মতো উপস্থিতি এখনও রয়েছে তার।

নিজের জীবনের নানা সময়ে পোশাক ও স্টাইল নিয়ে সমালোচনার মুখে পড়লেও কখনও পিছিয়ে যাননি মুনমুন সেন। বরং নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচয়। আর সেই আত্মবিশ্বাসই আজও তাঁকে আলাদা করে তোলে।

পিআর/টিএ

মন্তব্য করুন