‘পেড্ডি’তে রহস্যময় অভিনেত্রী জাহ্নবী, বাড়ছে জল্পনা
ছবি: সংগৃহীত
০৫:১২ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
দক্ষিণী সিনেমার বড় বাজেটের ছবি ‘পেড্ডি’ মুক্তির আগেই নানা কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে, তা হলো অভিনেত্রী জাহ্নবী কাপুরের উপস্থিতি ঘিরে নির্মাতাদের অদ্ভুত সংযমী কৌশল। ছবির প্রচারণায় তাকে একেবারে আড়াল করে রাখা হয়নি ঠিকই, কিন্তু যেভাবে তুলে ধরা হয়েছে, তা মূলধারার বাণিজ্যিক ছবির চেনা ধারা থেকে স্পষ্টভাবেই আলাদা।
‘চিকিরি’ গানে জাহ্নবীর উপস্থিতি নজর কেড়েছিল, তবে সেই উপস্থিতিও ছিল সীমিত। বরং পুরো প্রচারণাজুড়ে প্রাধান্য পেয়েছে রাম চরণের শক্তিশালী স্ক্রিন উপস্থিতি, তার অ্যাকশন ও এনার্জি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে- কেন জাহ্নবীর মতো জনপ্রিয় অভিনেত্রীকে প্রচারে সামনে আনা হচ্ছে না?

চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে ধারণা, এর পেছনে রয়েছে পরিকল্পিত কৌশল। জানা যাচ্ছে, ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবীর চরিত্রে থাকতে পারে গুরুত্বপূর্ণ কোনো টুইস্ট, যা গল্পের দ্বিতীয়ার্ধে বড় চমক তৈরি করবে। তাই আগেভাগে সেই চরিত্রের বেশি কিছু প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা। এমন কৌশল নতুন নয়, তবে এভাবে সচেতনভাবে একজন প্রধান অভিনেত্রীকে প্রচারে কম তুলে ধরা নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।
এদিকে ছবির কাঠামো নিয়েও শোনা যাচ্ছে ভিন্নধর্মী তথ্য। প্রচলিত বাণিজ্যিক ছবির মতো একাধিক গানের বদলে এখানে রয়েছে মাত্র একটি নরম সুরের প্রেমের গান, যেখানে দেখা যাবে রাম চরণ ও জাহ্নবী কাপুরকে। এই তথ্যই ইঙ্গিত দিচ্ছে, ছবিটি হয়তো গ্ল্যামারনির্ভর নয়, বরং গল্পকেন্দ্রিক নির্মাণে জোর দিয়েছে।
সবকিছু মিলিয়ে এখন দর্শকদের দৃষ্টি নিবদ্ধ ‘পেড্ডি’র মুক্তির দিকে। জাহ্নবীর সংযত উপস্থিতি কি শেষ পর্যন্ত বড় কোনো বিস্ময়ের ইঙ্গিত বহন করছে, নাকি এটি শুধুই ভিন্নধর্মী প্রচারণার অংশ- তার উত্তর মিলবে ছবি মুক্তির পরই।
এমআর/টিএ