© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংল্যান্ডে কনসার্ট শেষে পরিবারকে নিয়ে ডারডল ডোরে শ্রেয়া

শেয়ার করুন:
ইংল্যান্ডে কনসার্ট শেষে পরিবারকে নিয়ে ডারডল ডোরে শ্রেয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
মঞ্চে সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি, কিন্তু ব্যস্ততার ফাঁকে খুঁজে নেন একান্ত নিজের সময়ও। সম্প্রতি ইংল্যান্ডে কনসার্ট শেষ করে পরিবারকে সঙ্গে নিয়ে ছুটির আমেজে ধরা দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় এবং ছেলে দেবযান মুখোপাধ্যায়কে নিয়ে তিনি এখন কাটাচ্ছেন নিরিবিলি কিছু মুহূর্ত।

ইংল্যান্ডের ডরসেটের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত বিখ্যাত ডারডল ডোর এবং জুরাসিক উপকূল ঘিরেই এখন শ্রেয়ার ছুটির দিনযাপন। কখনও সমুদ্রের ধারে, কখনও পাহাড়ের পটভূমিতে নানা মুহূর্তে পরিবারের সঙ্গে তার আনন্দঘন সময় কাটানোর ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।



ছবিগুলিতে একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য ধরা পড়েছে, তেমনি স্পষ্ট হয়ে উঠেছে এক মায়ের স্নেহমাখা ভালোবাসা। ছোট্ট দেবযানকে আদরে ভরিয়ে দেওয়ার নানা মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দি করেছেন শ্রেয়া। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন ‘আমার পৃথিবী’, যা অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

এই সফরের আগে ইংল্যান্ডেই একটি সঙ্গীতানুষ্ঠানে মাতিয়েছেন শ্রেয়া। ব্যস্ত কর্মসূচির ফাঁকেই তাই পরিবারের সঙ্গে এই একান্ত সময় যেন তার কাছে বিশেষ প্রাপ্তি। তবে শুধু সঙ্গীতজগতে নয়, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন তিনি।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় সম্প্রতি দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন গায়িকা, যার বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা। কেরিয়ারের শীর্ষে থাকা শ্রেয়া যে সাফল্যের শিখরে আরও দৃঢ়ভাবে নিজের অবস্থান গড়ে নিচ্ছেন, তা এই বিনিয়োগেই স্পষ্ট।

সব মিলিয়ে, মঞ্চের আলো থেকে দূরে সরে পরিবারকে ঘিরে এই ছোট্ট অবকাশ যেন অন্য এক শ্রেয়াকে সামনে আনছে যেখানে খ্যাতির ঝলকানি নয়, বরং কাছের মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তই হয়ে উঠেছে তার আসল ‘পৃথিবী’।

পিআর/টিকে

মন্তব্য করুন