© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে কোচেলা ফেস্টিভাল মাতালেন ম্যাডোনা

শেয়ার করুন:
সাবরিনা কার্পেন্টারের সঙ্গে কোচেলা ফেস্টিভাল মাতালেন ম্যাডোনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বিশ্বখ্যাত মিউজিক ফেস্টিভাল কোচেলার দ্বিতীয় উইকেন্ডের প্রথম রাতেই এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলো কয়েক লাখ দর্শক। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এই সময়ের জনপ্রিয় মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের হেডলাইনার সেটে মঞ্চে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা।

সোনালি চুল আর লেস করসেটের আকর্ষণীয় পোশাকে সাবরিনা ও ম্যাডোনার এই যৌথ পারফরম্যান্স এখন ভাইরাল। দুইজনের ঐতিহাসিক পারফরম্যান্সে দর্শকরা মাতোয়ারা হয়ে ওঠেন।
মঞ্চে সাবরিনা কার্পেন্টার তার জনপ্রিয় গান 'জুনো' শেষ করার পরপরই ম্যাডোনার আইকনিক গান 'ভোগ'-এর সুর বেজে ওঠে। সেই চিরচেনা ছন্দে নাচের মুদ্রায় মঞ্চে আবির্ভূত হন ৬৬ বছর বয়সী এই কিংবদন্তি পপ তারকা। দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে ‘ভোগ’ ও ‘লাইক এ প্রেয়ার’-এর মতো কালজয়ী গানগুলোতে কণ্ঠ মেলান।

অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য সাবরিনাকে ধন্যবাদ জানিয়ে ম্যাডানো বলেন, ‘অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



জবাবে সাবরিনা কার্পেন্টার বলেন, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ম্যাডোনা। আপনার যা ইচ্ছা, এখানে তাই করতে পারেন। মঞ্চে শুধু পারফরমেন্স নয়, ম্যাডোনার তার আসন্ন অ্যালবাম ‘কনফেশনস টু’ থেকে একটি নতুন গানের ঝলকও তারা উপহার দেন দর্শকদের।

এছাড়াও পারফরম্যান্সের ফাঁকে রসিকতা করে ম্যাডোনা বলেন, এটিই প্রথমবার যখন তিনি নিজের চেয়ে উচ্চতায় খাটো কোনো শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করছেন।

পারফরম্যান্সটি ম্যাডোনার জন্য ছিল মূলত স্মৃতির পাতায় ফিরে যাওয়া। দর্শকদের উদ্দেশে তিনি আবেগপূর্ণ কণ্ঠে বলেন, ঠিক ২০ বছর আগে ২০০৬ সালে এই কোচেলারই ‘ড্যান্স টেন্ট’-এ তিনি প্রথমবারের মতো তার ‘কনফেশনস অন আ ড্যান্স ফ্লোর’ অ্যালবামের গানগুলো গেয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর এই ফিরে আসাকে তিনি ‘একটি বৃত্ত সম্পূর্ণ হওয়া’ এবং অর্থবহ এক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিও শহরের এম্পায়ার পোলো ক্লাবে ২০০২ সাল থেকে নিয়মিত আয়োজিত এই উৎসবে প্রতিদিন প্রায় এক লাখেরও বেশি মানুষের সমাগম ঘটে। সাবরিনা কার্পেন্টারের সেটে গত সপ্তাহে কৌতুক অভিনেতা উইল ফেরেল যোগ দিলেও ম্যাডোনার এই উপস্থিতি এবারের কোচেলার অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এসএ/এসএন

মন্তব্য করুন