নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত
০৯:৩৯ এএম | ২১ এপ্রিল, ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (গৃহকর্তা), হাবিবুর রহমানের স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম ও মেয়ে সাদিয়া রহমান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় পুলিশে খবর দেয়া হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এই হত্যার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে পুলিশ।
পুলিশের ধারণা, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এমআর/টিকে