বিচ্ছেদের পর নতুন প্রেমের খবর দিলেন গায়ক জো জোনাস
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
প্রায় দুই বছর আগে সোফি টার্নারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অবশেষে নিজের নতুন সম্পর্ক প্রকাশ্যে আনলেন গায়ক ও অভিনেতা জো জোনাস। তার নতুন সঙ্গী মডেল টাটিয়ানা গ্যাব্রিয়েলা।
সম্প্রতি ইনস্টাগ্রামে পুয়ের্তো রিকো ভ্রমণের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে সম্পর্কটি সামনে আনেন জো।ছবিগুলোতে দেখা যায় কখনো ফটোবুথে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, কখনো সমুদ্রের ধারে সূর্যাস্ত উপভোগ করছেন, আবার কখনো দ্বীপের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখছেন ও স্থানীয় খাবার উপভোগ করছেন।
এই পোস্টের ক্যাপশনে জো লেখেন, যদি তুমি এটা দেখো, তাহলে বুঝবে আমার পুয়ের্তো রিকো ইউটিউব ভিডিও আপলোড হয়েছে। অর্থাৎ, শুধু ছবি নয় ভিডিওর মাধ্যমেও তিনি ভক্তদের তাদের সময় কাটানোর আরও ব্যক্তিগত ঝলক দেখিয়েছেন।
গত বছরের নভেম্বর থেকেই জো ও টাটিয়ানার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ইউটিউব ভ্লগে দেখা যায়, দুজন একসঙ্গে ঘুরছেন, হাসি-মজায় সময় কাটাচ্ছেন। এমনকি এক পর্যায়ে টাটিয়ানা জোকে স্প্যানিশ শেখাতেও সাহায্য করছেন যা ভক্তদের কাছে বেশ মিষ্টি মুহূর্ত হিসেবেই ধরা দিয়েছে।
ব্যস্ত মিউজিক ট্যুরের মাঝেও ব্যক্তিগত জীবন সামলানো সহজ নয় এ কথা আগেও জানিয়েছেন জো। তার ভাষায়, টানা কয়েকটি শো থাকলে নতুন মানুষের সঙ্গে দেখা করাও কঠিন হয়ে পড়ে। তাই অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমই হয়ে ওঠে সম্পর্ক তৈরির মাধ্যম। অন্যদিকে, স্ত্রী সোফি টার্নারের সঙ্গে বিচ্ছেদের পর দুজন মিলে সন্তানের দায়িত্ব পালন করছেন।
জো নিজেই বলেছেন, তাদের কো-প্যারেন্টিং সম্পর্ক খুবই সুন্দর এবং সোফিকে তিনি চমৎকার একজন মা হিসেবে দেখেন।
উল্লেখ্য, ২০২৪ সালে আইনি জটিলতা শেষে জো ও সোফির বিচ্ছেদ চূড়ান্ত হয়। আর এখন নতুন অধ্যায়ে পা রেখেছেন জো যেখানে প্রেম, ভ্রমণ আর নতুন সম্পর্কের উচ্ছ্বাস স্পষ্ট।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএন