চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
১২:৪১ এএম | ২২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে ক্যাম্পাসের পরিবহন চত্বরে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান’, ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘এক, দুই, তিন, চার - জামায়াত-শিবির বাটপার’সহ আরো নানা স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানিয়ে বলেন, একটি রাজনৈতিক সংগঠন যারা ইসলামের মোড়কে বাংলাদেশে মিথ্যা ও গুপ্ত রাজনীতি করে।
তাদের সন্ত্রাসী দ্বারা চট্টগ্রামে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে ছাত্রদলের ওপরের হামলা প্রমাণ করে ১৯৭১ সালের বাংলার সূর্য সন্তানদের ওপর কিভাবে হামলা, হত্যা ও ধর্ষণে নিয়োজিত ছিল। এই হামলা প্রমাণ করে বিগত ১৭ বছর কিভাবে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে ছাত্রদলের ওপর তারাই হামলা করেছে।
এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, আপনি যেই হোন না কেন আমরা কোনো অন্যায়কারীকেই প্রশ্রয় দেব না। বাংলাদেশ বিরোধী কোনো মদদদাতা বাংলার মাটিতে অবস্থান করতে পারবে না। যারা স্বৈরাচারের লুঙ্গির নিচে থেকে ক্ষমতার অপব্যবহার করেছে এবং বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে থেকেছে তাদের হুঁশিয়ার করতে চাই, আমরা দেশে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে চাই।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল মিঠু, সহসভাপতি নুর উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষাসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
এর আগে, চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি আঁকা ও সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে দুই ছাত্র সংগঠনের প্রায় ১০ জন আহত হয়।
ইউটি/টিএ