© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেয়ার করুন:
চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ এএম | ২২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। 

এসময় নেতাকর্মীরা ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা, সন্ত্রাস, একসাথে চলে না’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রশিবির যেভাবে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেয়াল লিখনের জবাবে তারা পাল্টা লিখন করতে পারত, কিন্তু তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, গত দুই বছর ধরে আমরা বলে আসছি, যেখানে ছাত্রশিবির সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে তারা গোপনে সন্ত্রাসের চর্চা করে। চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তারা দখলদারিত্ব ও ক্যাডারভিত্তিক রাজনীতি চালিয়ে যাচ্ছে।

নাসির দাবি করেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্রশিবিরের বেশিরভাগ সহিংস ঘটনার কেন্দ্র চট্টগ্রাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের স্বাভাবিকভাবে চলতে দেবে না। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছাত্রশিবির ছাত্রলীগের সঙ্গে গোপন সমঝোতায় রাজনীতি করেছে। অতীতে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় তাদেরও নিতে হবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রশিবির বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে আমরা একটি গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ চাই। কিন্তু কেউ যদি গুপ্তভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, ছাত্রদল তা সহ্য করবে না।

গণেশ চন্দ্র রায় আরও বলেন, যদি ছাত্রদলের কোনো নেতাকর্মী গেস্টরুম বা গণরুম সংস্কৃতির সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রমাণ দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বক্তারা চট্টগ্রামের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালন এবং ক্যাম্পাসে সহিংস রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


ইউটি/টিএ

মন্তব্য করুন