তথ্যমন্ত্রীমোবাইল ফোনের সহজলভ্যতায় সাধারণ মানুষই এখন ‘সিটিজেন জার্নালিস্ট’
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
মোবাইল ফোনের সহজলভ্যতায় সাধারণ মানুষই এখন ‘সিটিজেন জার্নালিস্ট’ হিসেবে আবির্ভূত হচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রমবর্ধমান প্রভাব নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারের কারণে সমাজে বিশৃঙ্খলার ঝুঁকি বাড়ছে। এসব বিষয়ের সমাধানে অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় সরকার।
বুধবার (২২ এপ্রিল) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শারমিন প্রমুখ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মোবাইল সাংবাদিকতা বা ‘মোজো’ এখন বাস্তবতা। অনেকেই এটিকে ব্যঙ্গ করলেও বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারী প্রায় প্রত্যেকেই এক ধরনের ‘সিটিজেন জার্নালিস্ট’ হিসেবে আবির্ভূত হচ্ছেন।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও যথাযথ যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারের ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও সাধারণ মানুষের জন্য শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
মন্ত্রী আরও বলেন, এ ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিষয়টিকে প্রাতিষ্ঠানিক নজরদারির আওতায় আনা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে গণমাধ্যমের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চায় সরকার।
তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক গণমাধ্যমের তুলনায় ব্যক্তিগত কন্টেন্ট নির্মাতাদের প্রভাব ও অনুসারী সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, যা আধুনিক সমাজের জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে সচেতনতা, প্রশিক্ষণ ও নীতিমালার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
এসএন