© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই মাস পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার ঘরে লেনদেন

শেয়ার করুন:
দুই মাস পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার ঘরে লেনদেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। একইসঙ্গে ঢাকার এই শেয়ারবাজারে দুই মাসের বেশি সময় পর এক হাজার কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার সকাল ১০টায় লেনদেন শুরু হয় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে। এই দরবৃদ্ধি দিনভর অব্যাহত থাকে। শুরুর বড় উত্থান অবশ্য দিনশেষে কিছুটা কমেছে। দিনশেষে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টির, বিপরীতে ১২১টির দর কমেছে। আর ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৯ পয়েন্টে উঠেছে। এছাড়া শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ৯২৯ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৭ লাখ টাকা। ডিএসইর আজকের লেনদেন গত ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওইদিন ঢাকার এই শেয়ারবাজারে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯৭ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯১টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৩ কোটি ৩০ লাখ টাকা।

এসএস/এসএন

মন্তব্য করুন