ইংলিশ গিটারিস্ট গীতিকার ডেভ মেসন আর নেই
ছবি: সংগৃহীত
০৭:৫৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
ট্র্যাফিক ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও গীতিকার ডেভ মেসন ৭৯ বছর বয়সে মারা গেছেন। মেসন পরিবারের একজন মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি পিপল ম্যাগাজিনকে বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে ডেভ মেসনের মৃত্যুর খবর জানাচ্ছি। নেভাদার গার্ডনারভিলের বাড়িতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত খ্যাতিমান গীতিকার, সঙ্গীতশিল্পী, গায়ক এবং লেখক।
১৯৬৭ সালে রক ব্যান্ড ‘ট্রাফিক’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্যান্ডের দুটি হিট গানের এই রচয়িতার জীবনাবসান হয় গত ১৯ এপ্রিল। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৪৬ সালের ১০ মে ইংল্যান্ডের ওরচেস্টারে জন্ম ডেভ মেসনের।
‘ট্র্যাফিক’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ২০০৪ সালে ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ নাম ওঠে তার।
যুক্তরাজ্যের মিডল্যান্ডসে গড়ে ওঠা ব্যান্ডটিতে মেসনের সঙ্গে ছিলেন স্টিভ উইনউড, জিম ক্যাপাল্ডি এবং ক্রিস উড।
মেসন ১৯৬৮ সালে ব্যান্ডের স্মরণীয় হিট গান ‘ফিলিন' অলরাইট?’ রচনা করেন, যা পরে রক গানের মান নির্ধারক এবং প্রয়াত সঙ্গীতশিল্পী জো ককারের অন্যতম সিগনেচার গান হয়ে উঠেছিল।
মেসন ১৯৬৭ সালে ‘হোল ইন মাই শু’ গানটিও লেখেন। যা যুক্তরাজ্যের সেরা হিট গান হয়ে উঠে।
মেসনের গিটারবাদনে ব্লুজ এবং সাইকেডেলিয়ার এক অনন্য তীর্থ ছিল ‘ট্রাফিক’ ব্যান্ড।
ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশের পর মেসন ‘ট্র্যাফিক’ ছাড়েন। তবে ১৯৭১ এবং ২০০৪ সালে দুই দফায় ব্যান্ডে ফিরেছিলেন তিনি।
পল ম্যাকার্টনি, রোলিং স্টোনস, জিমি হেনড্রিক্স, এরিক ক্ল্যাপটন, মাইকেল জ্যাকসন, ডেভিড ক্রসবি, গ্রাহাম ন্যাশ, স্টিভ উইনউড, ফ্লিটউড ম্যাক, ডিলানি ব্রামলেট এবং ক্যাস ইলিয়টের সঙ্গেও পারফর্ম করেছেন ডেভ মেসন।

মেসন ১৯৭৭ সালে তার নিজের জনপ্রিয় একক ট্র্যাক, ‘উই জাস্ট ডিজঅ্যাগ্রি’ প্রকাশ করেন। তার সবশেষ একক অ্যালবাম ‘আ শেড অব ব্লুজ’ প্রকাশিত হয় ২০২৩ সালে।
১৯৯০ এর দশকে মেসন কিছুদিন ‘ফ্লিটউড ম্যাক’ ব্যান্ডেও ছিলেন। ব্যান্ডটির ১৯৯৫ সালের অ্যালবাম ‘টাইম’ এ গিটার বাজিয়েছেন তিনি।
অসুস্থতার কারণে মেসন ২০২৪ এবং ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেছিলেন।
২০১৯ সালে ‘লাউডার’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসন বলেছিলেন, তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল ১৯৬৮ সালে হেনড্রিক্সের অ্যালবাম ‘ইলেকট্রিক ল্যান্ডিল্যান্ড’ এর জন্য বব ডিলানের ‘অল অ্যালং দ্য ওয়াচটাওয়ার’ গানটির রেকর্ড করা।
গিটার আর এবং গান রচনায় অসাধারণ দক্ষতা থাকার পরও নিজেকে কখনো ‘রকস্টার’ মনে করতেন না ডেভ মেসন।
২০২০ সালে ‘রক সেলার’কে বলেছিলেন, “আমি এখনও স্পটলাইটের সামনে দাঁড়াতে পছন্দ করি না। ওখানে আমি খুব অস্বস্তি বোধ করি। আমি কোনো রকস্টার নই। আমি কখনও হতেও চাইনি। আমি শুধু ভালো গান লিখতে, কিছু অর্থ উপার্জন আনন্দ করতে চেয়েছি। আর তারুণ্যে মেয়েদের সাথে মিশতে চেয়েছি।”
পিআর/টিএ