আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার
ছবি: সংগৃহীত
০৬:১৪ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ফ্লোর ক্রসিং নিয়ে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদ চলাকালীন জামায়াত জোটের এই সংসদ সদস্যকে উদ্দেশ করে স্পিকার এই মন্তব্য করেন।
সংসদীয় কার্যক্রমের প্রশ্নোত্তর পর্বে তখন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু নিজের বক্তব্য দিচ্ছিলেন। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরাসরি হান্নান মাসউদকে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? এই পর্যায়ে ফ্লোর ক্রসিংয়ের কোনো অনুমতি নেই।’
স্পিকারের এই আকস্মিক সতর্কবার্তায় অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য তার নিজ দল ত্যাগ করে অন্য দলে যোগ দিলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্যপদ ঝুঁকির মুখে পড়ে, যা ‘ফ্লোর ক্রসিং’ হিসেবে পরিচিত।
তবে ঠিক কোন সুনির্দিষ্ট আচরণের কারণে বা কোন প্রেক্ষাপটে স্পিকার এই মন্তব্য করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
টিজে/টিএ