© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফিরতে চাই’ গান নিয়ে আবারও শ্রোতাদের হৃদয়ে নদী

শেয়ার করুন:
‘ফিরতে চাই’ গান নিয়ে আবারও শ্রোতাদের হৃদয়ে নদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
‘ফিরতে চাই’ শিরোনামে নতুন একক গান নিয়ে শ্রোতাদের কাছে আরও একবার ফিরলেন মিষ্টি গায়কীর শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা তাশরিন নদী। শুধু গান নয় একই সঙ্গে এর মিউজিক ভিডিওটিও মুক্ত হয়েছে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে নদীর সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে হৃদয় হাসিনকে। আর এটি মুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

নিজের গানের কথা-সুরের ব্যাপারে বরাবরই যত্নশীল নদী নিজের এই নতুন গান প্রসঙ্গে বললেন, ‘আমি আগেও জামাল ভাইয়ের কথায় গান করেছি। তিনি বরাবরই নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন। এটিও তার ব্যতিক্রম নয়। আমিও চেষ্টা করি শ্রোতাদের ভিন্ন ধরনের গান উপহার দেয়ার। গানটির কথাগুলো মনে দোলা দিয়ে যাওয়ার মতো, আর সুরেও দারুণ মেলোডি আছে। সব মিলিয়ে বলা যায়- যারা সুন্দর কথা ও সুরের গান পছন্দ করেন এটি তাদের ভালো লাগবে। আর গানের কথা-সুরের ভাবনার সঙ্গে সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটিও দর্শক-শ্রোতারা গ্রহণ করবেন বলেই আশা করছি।’



গীতিকার জামাল হোসেন বলেন, ‘নদী দারুণ কণ্ঠের একজন শিল্পী। তার কণ্ঠ যখন কোনো গানে পড়ে তখন সেটির রং বদলে যায়। এ গানটি নদী চমৎকার গেয়েছেন।’ প্রসঙ্গত এ বছরের শুরুতেই জামাল হোসেনের কথায় নদীর কণ্ঠে ‘বহতা নদী’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছিল।

এদিকে বেশ ব্যস্ততায় কাটছে নদীর বর্তমান সময়টা। নিজের নতুন কিছু গানের কাজের পাশাপাশি শো নিয়ে ব্যস্ত আছেন তিনি। এরই মধ্যে গেলো ১৮ ও ১৯ এপ্রিল জার্মানি ও সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত দুটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। দুটি অনুষ্ঠানেই তার পারফরমেন্স প্রবাসীদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে। নদী জানান, সামনে দেশের বাইরে আরও বেশকিছু শো হওয়ার কথা চলছে। এ ছাড়া তার আরও কিছু নতুন গানও মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুতই।

এসএস/এসএন

মন্তব্য করুন